পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে বড় ছাঁটাই, জায়গা পেলেন মাত্র আট মহিলা ক্রিকেটার

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের মহিলা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। গতবারের তুলনায় এবার চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। গত বছর ২০ জন মহিলা ক্রিকেটার পিসিবির চুক্তির আওতায় থাকলেও, এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র আটজনে। প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারার কারণে ১৩ জন ক্রিকেটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
নতুন এই তালিকায় মাত্র একজন নতুন মুখ জায়গা পেয়েছেন। আটজন ক্রিকেটারকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। ক্যাটেগরি ‘এ’-তে রয়েছেন অধিনায়ক ফতিমা সানা এবং বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। ক্যাটেগরি ‘বি’-তে জায়গা পেয়েছেন সিদরা আমিন, নাসরা সান্ধু এবং মুনিবা আলি। এছাড়া ক্যাটেগরি ‘সি’-তে রয়েছেন আয়েষা জ়াফর, গুল ফিরোজ়া এবং সাদাফ শামস। আয়েষা জ়াফরই এই তালিকার একমাত্র নতুন সংযোজন।
পিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম এবং ফিটনেস বিবেচনা করেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সারা বছর ফিটনেসের নির্দিষ্ট মান বজায় রাখতে হবে এবং নিয়মিত তাদের শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হবে। গতবারের তুলনায় এবার চুক্তির বিভাগগুলোতেও পরিবর্তন আনা হয়েছে, যেখানে ‘ডি’ এবং ‘ই’ ক্যাটেগরিগুলো আর রাখা হয়নি।