পাকিস্তানে আটার দাম নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন, ধর্মঘটে মিল মালিকরা

পাকিস্তানে আটার দাম নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতার জেরে হায়দ্রাবাদে ধর্মঘটের ডাক দিয়েছে আটা চক্কি ওনার্স সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। জেলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর সংগঠনের পক্ষ থেকে সমস্ত আটা মিল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। সরকারের ‘অন্যায্য’ নীতির প্রতিবাদে এই আংশিক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানা গেছে। সিন্ধুর খাদ্য দফতর রোলার-মিল আটার খুচরো দাম প্রতি কেজি ১৪৫ টাকা এবং এক্স-মিল রেট ১৩৮ টাকা নির্ধারণ করলেও, সাধারণ ক্রেতারা এর সুফল পাচ্ছেন না।
অভিযোগ রয়েছে, হায়দ্রাবাদের রোলার ফ্লাওয়ার মিলগুলি সরকারি গম কোটা পাওয়া সত্ত্বেও ভর্তুকিযুক্ত আটা ১৭৫ টাকা প্রতি কেজিতে বিক্রি করছে। সরকারি দামে আটা বিক্রির কোনো বিজ্ঞপ্তি কোনো মিলই প্রদর্শন করেনি এবং নিয়ম ভাঙার বিরুদ্ধে প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। অন্যদিকে, খোলা বাজারে গমের দাম কিছুটা কমলেও সাধারণ চক্কির আটার দাম প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকার মধ্যে রয়েছে।
চাক্কি মালিকরা ভর্তুকিযুক্ত গমের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন, যা বর্তমানে প্রতিদিন প্রতিটি পেষাই কলের জন্য ৬০ কেজিতে সীমাবদ্ধ। এছাড়া প্রক্রিয়াকরণ খরচ পর্যালোচনার দাবিও তুলেছেন তারা। সরকার রোলার মিলগুলোর প্রক্রিয়াকরণ খরচ প্রতি কেজিতে ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৬ টাকা করার পর এই দাবি আরও জোরালো হয়েছে। ডেপুটি কমিশনারের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে আধিকারিকরা সরকারি গম বরাদ্দের ঘাটতির বিষয়টি স্বীকার করলেও, শেষ পর্যন্ত কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।