২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ সালে বিশ্বকাপের আয়োজক ভারত

আইসিসি-র আগামী দিনের টুর্নামেন্ট সূচি অনুযায়ী, ভারত ফের বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজক হতে চলেছে। ২০২৯ সালের ৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। দীর্ঘ ২০০৬ সালের পর ফের এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেল ভারত। ঘরের মাঠে চেনা পরিবেশে খেতাব ধরে রাখার সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার সামনে।
পাশাপাশি ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্বও পেয়েছে ভারত। এই টুর্নামেন্টটি ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ভারত ও বাংলাদেশে যৌথভাবে অনুষ্ঠিত হবে। এর আগে ভারত ১৯৮৭, ১৯৯৬, ২০১১ এবং ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পালন করেছে। ২০২৩ সালে এককভাবে সফলভাবে বিশ্বকাপ আয়োজন করলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে।
আইসিসি-র ২০৩৫ সাল পর্যন্ত ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে টি-২০ বিশ্বকাপ এবং ২০৩০ সালে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এছাড়া ২০২৯, ২০৩১, ২০৩৩ ও ২০৩৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ভারতের মাটিতে একের পর এক আইসিসি টুর্নামেন্টের আয়োজন নিশ্চিত হওয়ায় ক্রিকেট মহলে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।