স্থগিত রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা লিজেন্ডস ম্যাচ, কলকাতায় আসছেন না ফিগোরা

আগামী ২৫ নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে রিয়াল মাদ্রিদ লিজেন্ডস এবং বার্সেলোনা লিজেন্ডসের মধ্যে যে প্রদর্শনী ম্যাচ হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, নির্ধারিত দিনে এই হাইভোল্টেজ ম্যাচটি হচ্ছে না। তবে ভবিষ্যতে সুবিধাজনক সময়ে ম্যাচটি আয়োজনের বিষয়ে দুই পক্ষই ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
ম্যাচটি স্থগিত হওয়ার নেপথ্যে রয়েছে নিরাপত্তার কারণ। জানা গিয়েছে, দুই দলের ফুটবলারদের সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর হয়ে কলকাতায় আসার কথা ছিল। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার কারণে সেখানে বিমান চলাচলে অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতির জেরে ফুটবলারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় দুই ক্লাবই আপাতত দল পাঠাতে রাজি হয়নি।
ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ম্যাচটি যে পরে খেলা হবে, সেই মর্মে ই-মেল মারফত নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য, এই ম্যাচে লুই ফিগো, কার্লোস পুয়োল এবং ইকের ক্যাসিয়াসের মতো কিংবদন্তি ফুটবলারদের মাঠে দেখার অপেক্ষায় ছিলেন কলকাতার ক্রীড়াপ্রেমীরা। আপাতত সেই প্রতীক্ষা দীর্ঘায়িত হলো।