এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, নেতৃত্বের সূচকে মোদী দ্বিতীয়

লোই ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইনডেক্স অনুযায়ী, এশিয়ায় তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছে ভারত। সাংস্কৃতিক বিস্তার, তথ্যপ্রবাহ এবং পারস্পরিক আদানপ্রদানের মতো ক্ষেত্রে উন্নতির ফলে ভারতের সাংস্কৃতিক প্রভাবের স্কোর বেড়ে ৪৩.৮ পয়েন্টে পৌঁছেছে। সামগ্রিক শক্তির সূচকে ৪০.৫ পয়েন্ট নিয়ে ভারত তার অবস্থান আরও মজবুত করেছে। ২০১৮ সালের পর থেকে চিনের সঙ্গে ভারতের শক্তির ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করা হয়েছে। আঞ্চলিক নেতৃত্বের কার্যকারিতায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন মোদী। তবে কিছু ক্ষেত্রে উদ্বেগের কথাও জানানো হয়েছে। টাকার দামের পতন এবং বিদেশে ভারতের বিনিয়োগ প্রায় ২,০০০ কোটি ডলার কমে যাওয়াকে নেতিবাচক দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলের সংঘাতের সময় ভারতের কূটনৈতিক তৎপরতা নিয়ে কিছু পর্যবেক্ষণও তুলে ধরা হয়েছে রিপোর্টে।
এশিয়ার ভূ-রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সূচকটি জানিয়েছে, সামরিক শক্তির নিরিখে আমেরিকার ঘাড়ের কাছে পৌঁছেছে চিন। সামগ্রিক শক্তির সূচকে আমেরিকার ৭৮.৯ পয়েন্টের বিপরীতে চিনের স্কোর ৭৩.৬। সামরিক আধুনিকীকরণ এবং সমুদ্রে নিজেদের দাপট বাড়িয়ে বেজিং ওয়াশিংটনকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে। তবে সমস্ত সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও এশিয়ার অন্য যে কোনও দেশের তুলনায় ভারতের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এখনও অনেক বেশি বলে রিপোর্টে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।