পঞ্জাব কিংসের নতুন বোলিং কোচ পরশ মাম্বরে

আইপিএল ২০২৭ মরশুমের আগে কোচিং স্টাফে বড় পরিবর্তন আনল পঞ্জাব কিংস। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন বোলিং কোচ পরশ মাম্বরে এবার প্রীতি জিন্টার দলের দায়িত্ব নিতে চলেছেন। জেমস হোপসকে অব্যাহতি দেওয়ার পর থেকেই নতুন বোলিং কোচের খোঁজ করছিল ফ্র্যাঞ্চাইজিটি। সেই শূন্যস্থান পূরণের লক্ষ্যেই মাম্বরেকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
গত মাসের শেষদিকে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন পরশ মাম্বরে। এরপর রবিবারই তিনি পঞ্জাব কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি দুবাইয়ে আইএলটি২০-তে এমআই এমিরেটসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। পঞ্জাব কিংসের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, খুব শীঘ্রই তা জানানো হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মাম্বরে। ২০২৪ টি-২০ বিশ্বকাপ জয় তাঁর কোচিং ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য। এছাড়া ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এখন রিকি পন্টিংয়ের অধীনে পঞ্জাব কিংসের ডাগআউটে মাম্বরের ভূমিকা কী হয়, সেটাই দেখার বিষয়।