জয়মালার পরেই বিয়ের আসরে অশান্তি, পোশাক পরা অবস্থাতেই থানায় পৌঁছালেন পাত্র-পাত্রী

উত্তরপ্রদেশের ফিরোজাবাদে এক বিয়ের অনুষ্ঠানে জয়মালা পর্বের পরেই চরম অশান্তি ছড়িয়ে পড়ে। ২৪ বছর বয়সী কনে কাজল এবং ২৬ বছর বয়সী পাত্র আকাশের বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু বিয়ের পোশাক ও হাতে মেহেন্দি পরা অবস্থাতেই কনে সোজা থানায় পৌঁছে পুলিশের দ্বারস্থ হন। তিনি অভিযোগ করেন, বিয়ের অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি ঘটনার পর তিনি আর আকাশকে বিয়ে করতে রাজি নন। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, শেরওয়ানি ও পাগড়ি পরা অবস্থাতেই থানায় হাজির হন পাত্র আকাশ। তিনি কনের সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি কোনো ভুল করেননি। আকাশের ভাষ্যমতে, বিয়ের অনুষ্ঠানে আসা এক পরিচিত মহিলার সঙ্গে তিনি কথা বলছিলেন। তিনি দাবি করেন, ঘরের দরজা বন্ধ করা বা কনেকে বেরিয়ে যেতে বলার মতো কোনো ঘটনা ঘটেনি, বরং ক্যামেরাম্যানই কনেকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলেন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সীমা রাঠোর নামে এক প্রত্যক্ষদর্শী জানান, শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও পরে পরিস্থিতি বদলে যায়। তাঁর দাবি, পাত্র কনেকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলেন এবং এরপর দুই যুবক এক মহিলাকে ঘরের ভেতরে রেখে চলে যান। এরপর দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ ছিল। ঠিক কী কারণে এই বিবাদ এবং ঘরের ভেতরে কী ঘটেছিল, তা নিয়ে পাত্র ও কনের বয়ান সম্পূর্ণ বিপরীত হওয়ায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।