স্যান্ডপেপারগেট ম্যাচ ফিক্সিংকেও ছাপিয়ে যাবে, বিস্ফোরক জিওফ্রে বয়কট

অস্ট্রেলিয়ার বল বিকৃতির ঘটনা বা স্যান্ডপেপারগেট নিয়ে ফের সরব হলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জিওফ্রে বয়কট। তাঁর মতে, এই ঘটনা হ্যান্সি ক্রোনিয়ের ম্যাচ ফিক্সিংয়ের চেয়েও অনেক বেশি গুরুতর। বয়কটের দাবি, ২৫ বছর আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বড় ধাক্কা দিয়েছিল ক্রোনিয়ের ঘটনা, কিন্তু অস্ট্রেলিয়ার এই প্রতারণা ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন। তিনি মনে করেন, এটি কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত ছিল না, বরং দুটি টেস্ট জেতার জন্য সুপরিকল্পিতভাবে এই প্রতারণার ছক কষা হয়েছিল।
স্মিথ ও ওয়ার্নারের শাস্তি নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেছেন বয়কট। কেপ টাউন টেস্টের পর ক্রিকেট অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ১২ মাসের জন্য নির্বাসিত করেছিল। বয়কটের মতে, এই শাস্তি যথেষ্ট ছিল না এবং তাঁদের অন্তত পাঁচ বছরের জন্য নির্বাসিত করা উচিত ছিল। তিনি আরও অভিযোগ করেন যে, এই ঘটনার দায় শুধুমাত্র তিন ক্রিকেটারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, অথচ পুরো দল এবং কোচিং স্টাফ এই পরিকল্পনায় শামিল ছিল।
উল্লেখ্য, ২০০০ সালে হ্যান্সি ক্রোনিয়ের ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা প্রকাশ্যে আসার পর তাঁকে আজীবন নির্বাসিত করা হয়েছিল। সেই ঘটনার সঙ্গে তুলনা টেনে বয়কট জানান, অস্ট্রেলিয়ার স্যান্ডপেপার কাণ্ডে কোচিং স্টাফের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেম্যান তদন্তে নির্দোষ ঘোষিত হলেও ঘটনার পর পদত্যাগ করেছিলেন। বয়কটের মতে, অস্ট্রেলিয়ার এই পুরো বিষয়টি অবিশ্বাস্য এবং ক্রিকেটের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে।