কার্তিক পুজোর আগে বিধায়ক কৌস্তব বাগচীর বাড়িতে অভিনব চমক, এল চারটি প্রতিমা

কার্তিক পুজোর আগের রাতে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচীর বাড়িতে চারটি কার্তিক প্রতিমা নিয়ে হাজির হলেন দলীয় কর্মীরা। প্রতিমার পাশাপাশি নিরামিষ খাবারের তালিকা সম্বলিত একটি চিঠিও দেওয়া হয়েছে বিধায়ককে। এই অভিনব ঘটনার জেরে বিধায়ক ও তাঁর স্ত্রী প্রীতি বাগচীর পূর্বনির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করতে হয়েছে। পেশায় আইনজীবী কৌস্তব বাগচী জানিয়েছেন, আদালতের কাজ এবং বেলডাঙার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও, কার্তিক পুজোর আয়োজনে ব্যস্ততার কারণে তা সম্ভব হচ্ছে না।
দলীয় কর্মীদের এই উদ্যোগের ফলে বিধায়কের বাড়িতে এখন সাজো সাজো রব। কৌস্তব বাগচী জানান, তাঁদের বাড়িতে পুজোর সময় আমিষ খাবার তৈরি হয় না, তাই কর্মীদের দেওয়া তালিকা অনুযায়ী সম্পূর্ণ নিরামিষ ভোজের আয়োজন করা হয়েছে। মেনুতে থাকছে পোলাও, কচুরি, ছোলার ডাল, আলুর দম, পনির, চাটনি ও পাপড়। সব মিলিয়ে প্রায় ২০০ জনের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
বিধায়কের কথায়, মূলত মজা করেই দলের কর্মীরা এই কার্তিক ফেলেছেন। যাঁরা প্রতিমা নিয়ে এসেছেন, তাঁদেরই খাওয়ানোর পরিকল্পনা রয়েছে। আলাদা করে কাউকে নিমন্ত্রণ করা না হলেও, বাড়ির আশপাশের মানুষজনসহ প্রায় ২০০ জনের জন্য এই ভোজের আয়োজন করা হয়েছে। পুজোর পর রাতেই এই ভোজের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।