বয়স অনুযায়ী দুধের প্রয়োজনীয়তা ও উপকারিতা: জেনে নিন সঠিক পরিমাপ

দুধকে একটি সম্পূর্ণ আহার হিসেবে গণ্য করা হয়। এতে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি১২ এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে, যা শরীরের হাড় ও দাঁত মজবুত করার পাশাপাশি পেশির গঠনেও বিশেষ ভূমিকা পালন করে। শিশুদের শারীরিক বিকাশের জন্য এই উপাদানগুলি অত্যন্ত জরুরি। এছাড়া বয়স্কদের শরীরে ক্যালসিয়াম ও প্রোটিনের ঘাটতি পূরণে দুধ বা দইয়ের মতো দুগ্ধজাত খাবার নিয়মিত গ্রহণ করা প্রয়োজন।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের নির্দেশিকা অনুযায়ী, বয়সভেদে দুধ বা দই খাওয়ার পরিমাপ ভিন্ন হয়। এক থেকে তিন বছর বয়সী শিশুদের জন্য ৩৫০ মিলিলিটার, চার থেকে ছয় বছরের জন্য ৩৫০ মিলিলিটার এবং সাত থেকে নয় বছর বয়সীদের জন্য ৪০০ মিলিলিটার দুধ বা দই খাওয়া উপকারী। দশ থেকে আঠারো বছর বয়সীদের জন্য প্রতিদিন ৪০০ মিলিলিটার এবং প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য ৩০০ মিলিলিটার দুধ বা দই যথেষ্ট। ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে প্রতিদিন ৪০০ মিলিলিটার দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলারা প্রয়োজন অনুযায়ী এই পরিমাণ বাড়াতে পারেন।
তবে এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে গরু বা মহিষের দুধ এড়িয়ে চলাই শ্রেয়, কারণ তাদের প্রধান খাদ্য হলো মাতৃদুগ্ধ। এছাড়া অনেকের ক্ষেত্রে দুধ বা দুগ্ধজাত খাবার খেলে গ্যাস, অম্বল বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দেয়। ল্যাকটোজ ইনটলারেন্স বা দুধে অ্যালার্জি থাকলে দুধ পান না করাই ভালো। এ ধরনের শারীরিক সমস্যা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।