আমেরিকায় ভিসা স্পনসরশিপ বন্ধ করল আইবিএম, বিপাকে ভারতীয় কর্মীরা

আমেরিকায় ভিসা স্পনসরশিপ বন্ধ করল আইবিএম, বিপাকে ভারতীয় কর্মীরা

বিশ্বের অন্যতম বৃহৎ তথ্য প্রযুক্তি সংস্থা আইবিএম মার্কিন ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। সংস্থার নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হয় আমেরিকা ছেড়ে অন্য দেশে স্থানান্তরিত হতে হবে, নতুবা চাকরি থেকে ইস্তফা দিতে হবে। যারা এই স্থানান্তরের প্রস্তাবে রাজি হবেন না, তাদের তিন মাসের বেতন দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

আইবিএমের এই সিদ্ধান্তের ফলে এইচ-১বি ভিসায় কর্মরত এবং গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় থাকা হাজার হাজার ভারতীয় প্রযুক্তি কর্মী সরাসরি প্রভাবিত হবেন। সংস্থার দাবি, ব্যবসার পরিবর্তিত প্রয়োজন এবং দক্ষ কর্মী পাওয়ার সহজলভ্যতার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিগত কয়েক বছর ধরেই হাই-স্কিলড ভিসা প্রোগ্রামে আইবিএমের অংশগ্রহণ ক্রমশ হ্রাস পাচ্ছিল। তবে সব বিভাগে এই নিয়ম কার্যকর করা হচ্ছে না বলে জানা গেছে।

প্রভাবিত কর্মীদের সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে নির্দিষ্ট করে জানানো হয়নি যে ঠিক কতজন কর্মী এই সিদ্ধান্তের আওতায় পড়ছেন। তবে বিকল্প হিসেবে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। গত ১৯ নভেম্বর পর্যন্ত আইবিএমের কেরিয়ার পোর্টালে আমেরিকার বাইরে যে ১,২৭৮টি কনসালটিং পদ খালি ছিল, তার মধ্যে ১,১২৫টিই ভারতের জন্য নির্ধারিত ছিল। ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং নতুন নিয়মের আবহে এই ঘটনা ভারতীয় টেক-কর্মীদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *