প্রোটিন বার বা কুকিজ কেনার আগে পুষ্টির লেবেল যাচাই করা জরুরি

বাজারে বর্তমানে প্রোটিন-যুক্ত স্ন্যাকসের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, অনেক ক্ষেত্রেই এই পণ্যগুলি স্বাস্থ্যকর খাবারের প্রকৃত বিকল্প হয়ে উঠতে পারে না। অনেক সময় সামান্য প্রোটিন মিশিয়ে চড়া দামে বিক্রি করা এসব খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর ফ্যাটের উপস্থিতি থাকে, যা দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি করতে পারে। তাই কেনার আগে প্যাকেটের গায়ে থাকা পুষ্টি সংক্রান্ত তথ্য বা নিউট্রিশন লেবেল যাচাই করা অত্যন্ত জরুরি।
পণ্য কেনার সময় প্রথমেই প্রতি ১০০ গ্রামে প্রোটিনের পরিমাণ দেখে নেওয়া উচিত। ১০ গ্রামের কম প্রোটিন থাকলে সেটিকে হাই প্রোটিন বলা যায় না, বরং ১৫-২০ গ্রাম প্রোটিন থাকলে তা তুলনামূলক ভালো। পাশাপাশি চিনির পরিমাণের দিকেও নজর দিতে হবে। অনেক প্রোটিন বারে ২০ গ্রাম প্রোটিনের সঙ্গে ২৫ গ্রাম পর্যন্ত চিনি থাকে, যা সাধারণ চকলেটের সমান। স্বাস্থ্যকর খাবারের ক্ষেত্রে চিনির পরিমাণ ৫ গ্রামের কম থাকাই বাঞ্ছনীয়।
উপকরণের তালিকায় চিনি, গ্লুকোজ সিরাপ, পাম অয়েল বা ময়দা শুরুতে থাকলে তা এড়িয়ে চলাই ভালো। প্রোটিনের উৎস হিসেবে হোয়ে, পি বা সয়া প্রোটিন ভালো হলেও কোলাজেন বা জিলেটিন থাকলে তার গুণমান কম হয়। এছাড়া ফাইবার ৩-৫ গ্রাম থাকা ভালো এবং স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট যতটা সম্ভব কম থাকা উচিত। একটি ছোট বারে ৩০০-৪০০ ক্যালোরি থাকলে তা স্ন্যাকস না হয়ে একটি পূর্ণ মিলের সমান হয়ে যায়। তাই প্যাকেটের সামনের বিজ্ঞাপনের চেয়ে পিছনের পুষ্টি তথ্য যাচাই করাই বুদ্ধিমানের কাজ।