সোশ্যাল মিডিয়ায় ভাইরাল থাইল্যান্ডের বিরল ‘স্ট্রবেরি টাইগার’ আভা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল থাইল্যান্ডের বিরল ‘স্ট্রবেরি টাইগার’ আভা

থাইল্যান্ডের চিয়াং মাই নাইট সাফারিতে থাকা ‘আভা’ নামের এক বাঘিনী বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার গায়ের রং সাধারণ বাঘের মতো গাঢ় কমলা নয়, বরং হালকা সোনালি লোমের ওপর লালচে-বাদামি ডোরাকাটা দাগ রয়েছে। এই অদ্ভুত সুন্দর চেহারার কারণে নেটিজ়েনরা আদর করে তাকে ‘স্ট্রবেরি টাইগার’ বলে ডাকছেন। গত ১৯ নভেম্বর চিড়িয়াখানা কর্তৃপক্ষ তার কিছু ছবি ফেসবুকে পোস্ট করার পর থেকেই সে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, একটি বিরল ‘রিসেসিভ জিন’-এর প্রভাবেই বাঘের গায়ের রং এমন হয়। পৃথিবীতে এই সোনালি বাঘের সংখ্যা ১০০টিরও কম এবং চিড়িয়াখানায় এদের সংখ্যা ৩০টিরও নীচে। সাদা বাঘের চেয়েও এরা অনেক বেশি বিরল। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি জন্ম নেওয়া আভার সঙ্গে তার দিদি ‘লুনা’ও একই চিড়িয়াখানায় থাকে, যার গায়ের রংও আভার মতোই সোনালি। তাদের বাবা-মাকে ২০১৫ সালে চেক রিপাবলিক ও দক্ষিণ আফ্রিকা থেকে থাইল্যান্ডে আনা হয়েছিল।

আভার মুখশ্রী অত্যন্ত মিষ্টি হলেও সে আসলে একজন পূর্ণবয়স্ক ও শক্তিশালী শিকারি। নিরাপত্তার কারণে পর্যটকদের তাদের কাছাকাছি যাওয়ার অনুমতি নেই। চিয়াং মাই নাইট সাফারির ‘টাইগার ওয়ার্ল্ড’ এলাকায় প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত পর্যটকরা তাদের দেখতে পান। তবে অনেক পশুপ্রেমী মনে করেন, বন্যপ্রাণীদের প্রাকৃতিক পরিবেশের কথা মাথায় রেখে চিড়িয়াখানায় ভিড় না করে অনলাইনেই তাদের ছবি বা ভিডিও দেখা শ্রেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *