জার্মানির মন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতায় জোর

জার্মানির মন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতায় জোর

জার্মানির লোয়ার স্যাক্সনির মন্ত্রী-প্রেসিডেন্ট ওলাফ লিস বর্তমানে ভারত সফরে রয়েছেন। এই সফরকালে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় ভারত-জার্মানি এবং ভারত-ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতার কৌশলগত, অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিকগুলো গুরুত্ব পেয়েছে। এছাড়া ইউক্রেন সংঘাত ও অন্যান্য আঞ্চলিক ইস্যু নিয়েও দুই নেতার মধ্যে মতবিনিময় হয়েছে।

বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গেও ওলাফ লিসের বৈঠক হয়েছে। সেখানে অটোমোটিভ, ইঞ্জিনিয়ারিং, বন্দর, জাহাজ নির্মাণ, পুনর্নবীকরণযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রতিরক্ষার মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করা হয়। ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোরে বিনিয়োগের সম্ভাবনা এবং ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধাও এই আলোচনায় উঠে এসেছে। ২০২৭ সালের হ্যানোভার মেসে-তে ভারতকে অংশগ্রহণের আমন্ত্রণও জানিয়েছেন জার্মান মন্ত্রী।

দক্ষতা উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গেও ওলাফ লিসের বৈঠক হয়েছে। সেখানে শিল্প-ভিত্তিক বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিক্ষানবিশদের সুযোগ বৃদ্ধি এবং গ্রিন স্কিল নিয়ে আলোচনা করা হয়েছে। ওলাফ লিস জানিয়েছেন, লোয়ার স্যাক্সনি রাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রে দক্ষ ভারতীয় শিক্ষার্থী ও পেশাদারদের আকর্ষণ করতে আগ্রহী। এছাড়া শিল্পের চাহিদা মেটাতে ভারত থেকে হাইড্রোজেন আমদানির সম্ভাবনাও খতিয়ে দেখছে জার্মানির এই রাজ্যটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *