শীতকালে ভিটামিন ডি-এর ঘাটতি মেটাতে কখন রোদে বসবেন?

শীতকালে শরীরে ভিটামিন ডি-এর চাহিদা পূরণের জন্য নিয়মিত রোদে বসার অভ্যাস করা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন রোদে বসা স্বাস্থ্যের জন্য উপকারী। ভিটামিন ডি পাওয়ার জন্য সকাল ১০টা থেকে দুপুর ১২টা অথবা দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে ১৫ থেকে ২০ মিনিট রোদে থাকা যেতে পারে। তবে মনে রাখতে হবে, ত্বকের ধরন, আবহাওয়া এবং অতিবেগুনি রশ্মির সূচকের ওপর ভিত্তি করে এই সময়ের তারতম্য হতে পারে।
শরীরে ভিটামিন ডি-এর অভাব হলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এই ভিটামিন শরীরে ক্যালশিয়াম শোষণে সাহায্য করে, তাই এর অভাবে হাড় দুর্বল হয়ে পড়া, হাড় ও গাঁটে ব্যথা এবং পেশিতে অস্বস্তি হতে পারে। এছাড়া পেশির শক্তি কমে যাওয়ায় দৈনন্দিন কাজে ক্লান্তি অনুভব করা, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া এবং ঘুমের ছন্দে ব্যাঘাত ঘটার মতো সমস্যাও দেখা দিতে পারে।
শুধুমাত্র রোদ পোহালেই যে ভিটামিন ডি-এর ঘাটতি পুরোপুরি মিটবে, এমনটা সবসময় নয়। শরীরে ভিটামিন ডি-এর মাত্রা খুব কম থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করা এবং প্রয়োজনীয় খাবার বা সাপ্লিমেন্ট গ্রহণ করা জরুরি। এছাড়া দীর্ঘক্ষণ রোদে থাকার ক্ষেত্রে ত্বকের সুরক্ষার দিকেও নজর দেওয়া প্রয়োজন।