কেন অক্টোবর-নভেম্বরেই বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় আঘাত হানে?

বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানার ক্ষেত্রে এপ্রিল-মে এবং অক্টোবর-নভেম্বর—এই দুটি সময়কালকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন আবহাওয়াবিদরা। পরিসংখ্যান অনুযায়ী, বছরের অন্যান্য সময়ের তুলনায় অক্টোবর ও নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতা ও তীব্রতা অনেক বেশি থাকে। ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ভোলা সাইক্লোন থেকে শুরু করে সিডর, বুলবুল, সিত্রাং বা মিধিলির মতো ঘূর্ণিঝড়গুলো মূলত এই সময়েই উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে।
আবহাওয়াবিদদের মতে, বর্ষা মৌসুম শেষ হওয়ার পর অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অত্যন্ত অনুকূল থাকে। এ সময় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকে এবং পানির গভীরে প্রচুর তাপ জমা হয়। এই উষ্ণ পানি থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প তৈরি হয়, যা ঘূর্ণিঝড়কে শক্তি জোগানোর প্রধান জ্বালানি হিসেবে কাজ করে।
এছাড়া এই সময়ে বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের আধিক্য এবং বায়ুপ্রবাহের উল্লম্ব তারতম্য বা ‘ভার্টিক্যাল উইন্ড শিয়ার’ কম থাকে। বাতাসের গতির এই পার্থক্য কমে আসায় সাগরে তৈরি হওয়া নিম্নচাপগুলো সহজে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অনুকূল পরিবেশের কারণে এই দুই মাসে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলো প্রায়ই ‘সিভিয়ার’ বা ‘সুপার সাইক্লোন’-এর মতো বিধ্বংসী রূপ ধারণ করে উপকূলীয় জনপদ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।