রোজ কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস কি শরীরের জন্য সবসময় উপকারী?

খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। পেঁয়াজে থাকা কোয়ারসেটিন ও প্রিবায়োটিক ফাইবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী হলেও, অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খাওয়া সবার জন্য সমান স্বাস্থ্যকর নাও হতে পারে। বিশেষ করে যাঁদের হজমশক্তি সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে এটি বিভিন্ন শারীরিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।
অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খাওয়ার ফলে মুখে তীব্র দুর্গন্ধ হতে পারে, যা পেঁয়াজে থাকা সালফার যৌগের কারণে ঘটে। এছাড়া পেঁয়াজে থাকা ফ্রুকটান নামক কার্বোহাইড্রেট অনেকের অন্ত্রে ঠিকমতো হজম হয় না, যার ফলে পেট ফাঁপা, গ্যাসের সমস্যা, বুকজ্বালা বা অ্যাসিড রিফ্লাক্সের মতো অস্বস্তি দেখা দিতে পারে। যাঁদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস রয়েছে, তাঁদের ক্ষেত্রে পেটে মোচড়, ব্যথা বা ডায়রিয়ার মতো সমস্যাও হতে পারে।
কিছু ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ খাওয়ার পর ত্বকে ফুসকুড়ি, চুলকানি বা অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে এর অর্থ এই নয় যে কাঁচা পেঁয়াজ খাওয়া পুরোপুরি বন্ধ করতে হবে। পেঁয়াজে থাকা পুষ্টিগুণ শরীরের জন্য প্রয়োজনীয়। যাঁদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তাঁরা শরীরের প্রতিক্রিয়া বুঝে পেঁয়াজের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারেন। যদি নিয়মিত অস্বস্তি বোধ হয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।