সিগারেটের চেয়েও ক্ষতিকর হতে পারে দৈনন্দিন জীবনের এই পাঁচটি অভ্যাস

অনেকেই মনে করেন ধূমপান না করলেই শরীর সুস্থ থাকে, কিন্তু দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস শরীরের ওপর সিগারেটের মতোই মারাত্মক প্রভাব ফেলতে পারে। দিনের বেশিরভাগ সময় একটানা বসে থাকা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টানা ছয় ঘণ্টার বেশি বসে কাজ করলে স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ এবং কোলন ক্যানসারের ঝুঁকি ধূমপানের মতোই বৃদ্ধি পায়। তাই প্রতি ৩০ থেকে ৪৫ মিনিট অন্তর উঠে হাঁটাচলা বা স্ট্রেচিং করা জরুরি।
পর্যাপ্ত ঘুমের অভাব এবং অনিয়মিত জীবনযাপনও শরীরের জন্য সমান ক্ষতিকর। প্রতিদিন ছয় ঘণ্টার কম ঘুমালে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এছাড়া অতিরিক্ত ভাজাভুজি, প্রসেসড ফুড এবং চিনিযুক্ত পানীয় গ্রহণ ধমনীতে ব্লকেজ তৈরি করে এবং লিভারের ক্ষতি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রসেসড মিট ক্যানসারের ঝুঁকি ধূমপানের মতোই বাড়িয়ে দিতে পারে।
শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন কিডনি ও হজম প্রক্রিয়ার ওপর বিরূপ প্রভাব ফেলে। পাশাপাশি মানসিক চাপ চেপে রাখা এবং একাকীত্ব শরীরের জন্য নীরব ঘাতক হিসেবে কাজ করে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত একাকীত্ব দিনে ১৫টি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর হতে পারে। তাই সুস্থ থাকতে ধূমপান বর্জনের পাশাপাশি নিয়মিত হাঁটাচলা, পর্যাপ্ত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন।