হিন্দু ধর্মে কেন তিনবার শাঁখ বাজানো হয়? এর নেপথ্যে রয়েছে বিশেষ আধ্যাত্মিক কারণ

হিন্দু পরিবারে প্রতিদিন সন্ধ্যায় শাঁখ বাজানোর দীর্ঘদিনের রীতি প্রচলিত রয়েছে। সাধারণত সকালে পুজোর সময় শাঁখ বাজানোর চল কম থাকলেও, শাস্ত্রীয় মতে সকালে পুজোর পর শাঁখ বাজালে শুভ ফল পাওয়া যায়। শাঁখধ্বনির মাধ্যমে মূলত দেবতাদের আবাহন করা হয়, যা গৃহের পরিবেশকে পবিত্র করে তোলে।
আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী, সন্ধ্যায় শাঁখ বাজালে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। শাঁখধ্বনি শুভ শক্তির আহ্বান জানায়, যা মানুষের জীবনে আর্থিক উন্নতি ও সৌভাগ্য বয়ে আনতে সাহায্য করে। এই কারণেই প্রতিদিন সন্ধ্যায় নিয়ম মেনে শাঁখ বাজানোর প্রথা পালন করা হয়।
শাঁখ বাজানোর ক্ষেত্রে তিন সংখ্যাটির বিশেষ গুরুত্ব রয়েছে। আধ্যাত্মিক মত অনুসারে, দেবদেবীদের আহ্বান জানানোর জন্য তিনবার শাঁখ বাজানোই বিধেয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তিনবারের বেশি শাঁখ বাজালে তা অশুভ শক্তির বা আসুরিক শক্তির আহ্বান হিসেবে গণ্য হয়। মনে করা হয়, এর ফলে আসুরিক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এবং জীবনে নানা ধরনের বিপত্তি ও সমস্যার সৃষ্টি হতে পারে। তাই শাস্ত্রীয় নিয়ম মেনে তিনবারই শাঁখ বাজানোর পরামর্শ দেওয়া হয়।