শীতের আগে গিজার কেনার পরিকল্পনা? বিদ্যুৎ সাশ্রয় ও সুরক্ষার জন্য মাথায় রাখুন এই ৫ বিষয়

শীতের মরসুম আসার আগেই অনেকেই নতুন গিজার কেনার কথা ভাবেন। তবে সঠিক গিজার নির্বাচন না করলে ভবিষ্যতে বিদ্যুতের বিল বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও থেকে যায়। তাই গিজার কেনার আগে পরিবারের সদস্য সংখ্যা এবং প্রতিদিনের গরম জলের চাহিদার কথা মাথায় রাখা জরুরি। ছোট পরিবারের জন্য ইনস্ট্যান্ট গিজার সুবিধাজনক হলেও, সদস্য সংখ্যা বেশি হলে স্টোরেজ গিজার কেনা ভালো। তবে প্রয়োজনের তুলনায় বড় গিজার কিনলে অকারণে বিদ্যুৎ খরচ বাড়ে।
বিদ্যুৎচালিত যন্ত্রের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। গিজার কেনার সময় ক্যাপিলারি থার্মোস্ট্যাট, অটোমেটিক থার্মাল কাট-অফ এবং প্রেসার রিলিজ ভালভের মতো সুরক্ষা ফিচারগুলো অবশ্যই যাচাই করে নেওয়া উচিত। এছাড়া আপনার এলাকায় জলের গুণমান ও চাপের ওপর ভিত্তি করে গিজার নির্বাচন করা প্রয়োজন। আয়রনযুক্ত জলের ক্ষেত্রে অ্যান্টি-স্কেল প্রযুক্তি এবং বহুতল আবাসনের উচ্চ জলের চাপের জন্য মজবুত কাঠামোর গিজার বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ৫-স্টার এনার্জি রেটিংযুক্ত মডেল এবং ভালো ইনসুলেশনযুক্ত গিজার কেনা সাশ্রয়ী। কেনার সময় ট্যাঙ্ক ও হিটিং এলিমেন্টের ওয়ারেন্টি সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। বর্তমানে বাজারে ৪,০০০ থেকে ৬,০০০ টাকার মধ্যে ইনস্ট্যান্ট এবং ৭,০০০ থেকে ১১,০০০ টাকার মধ্যে স্টোরেজ গিজার পাওয়া যায়। প্রযুক্তির উন্নতির সাথে এখন ওয়াই-ফাই বা মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত স্মার্ট গিজারও বাজারে উপলব্ধ, যা ভয়েস কমান্ডের মাধ্যমেও পরিচালনা করা সম্ভব।