অগ্ন্যাশয়ের ক্যান্সার প্রতিরোধে আশার আলো, সফল পরীক্ষামূলক টিকা

অগ্ন্যাশয়ের ক্যান্সার বিশ্বের অন্যতম প্রাণঘাতী রোগ হিসেবে পরিচিত। সাধারণত রোগটি দেরিতে ধরা পড়ায় চিকিৎসার সুযোগ সীমিত হয়ে পড়ে। তবে সম্প্রতি গবেষকরা এমন একটি পরীক্ষামূলক টিকা তৈরি করেছেন, যা ক্যান্সার হওয়ার আগেই শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সতর্ক করে কোষ ধ্বংস করতে সক্ষম। গবেষণায় দেখা গেছে, এই টিকা শরীরে দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। ট্রায়ালে অংশ নেওয়া ২০ জনের মধ্যে ১৮ জনের শরীরে শক্তিশালী ইমিউন প্রতিক্রিয়া দেখা গেছে, যা দুই বছর পর্যন্ত সক্রিয় ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক ড. এলিজাবেথ এম. জ্যাফি এবং তাঁর দল এই ভ্যাকসিনটি তৈরি করেছেন। এতে অগ্ন্যাশয়ের ক্যান্সারের জন্য দায়ী সাধারণ জিন মিউটেশনের কৃত্রিম প্রোটিন অংশ ব্যবহার করা হয়েছে। ১৩ সপ্তাহের মধ্যে চারটি ডোজ দেওয়ার পর অংশগ্রহণকারীদের রক্ত পরীক্ষা করে আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি, কেবল ইনজেকশনের জায়গায় ব্যথা বা হালকা ফ্লু-জাতীয় উপসর্গের মতো সামান্য সমস্যা দেখা গেছে যা দ্রুত সেরে গেছে।
এই টিকার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, যাঁদের অগ্ন্যাশয়ে আগে থেকেই ছোট সিস্ট ছিল, তাঁদের অনেকের সিস্ট ছোট হয়ে গেছে বা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। ফলো-আপ স্ক্যানে দেখা গেছে, পাঁচজনের সিস্ট পুরোপুরি মিলিয়ে গেছে এবং তিনজনের ক্ষেত্রে তা আংশিকভাবে ছোট হয়েছে। গবেষণাকালীন সময়ে অংশগ্রহণকারীদের কারও অগ্ন্যাশয়ের ক্যান্সার ধরা পড়েনি। বর্তমানে গবেষকরা পরবর্তী পর্যায়ের ট্রায়াল শুরু করেছেন, যেখানে অস্ত্রোপচারের মাধ্যমে সিস্ট অপসারণ করতে চলেছেন এমন ব্যক্তিদের ওপর টিকার কার্যকারিতা পরীক্ষা করা হবে।