রোমানিয়া থেকে ভারতে আনা হচ্ছে ইউক্রেনীয় প্রতারক ওলেকজান্ডার জাপিচেঙ্কো

রোমানিয়া থেকে ভারতে আনা হচ্ছে ইউক্রেনীয় প্রতারক ওলেকজান্ডার জাপিচেঙ্কো

মুম্বইয়ের একটি প্রতারণা ও অর্থ পাচারের মামলায় অভিযুক্ত ইউক্রেনীয় নাগরিক ওলেকজান্ডার জাপিচেঙ্কো ওরফে অ্যালেক্সকে রোমানিয়া থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। কোনো বিদেশি নাগরিককে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিদেশ থেকে ভারতে ফিরিয়ে আনার ঘটনা এটিই প্রথম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই-এর যৌথ প্রচেষ্টায় এই সাফল্য মিলেছে। অভিযুক্তকে নিয়ে বিমান ইতিমধ্যেই ভারতের উদ্দেশে রওনা দিয়েছে।

২০২৫ সালের ‘টোরেস জুয়েলারি’ মামলায় জাপিচেঙ্কোর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিযোগ রয়েছে, তিনি সাধারণ মানুষকে মোটা অঙ্কের মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা করতেন। সংগৃহীত নগদ অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে তা পাচারে তিনি মূল ভূমিকা পালন করতেন। নির্দিষ্ট সময় পর বিনিয়োগকারীদের টাকা দেওয়া বন্ধ করে দিলে এই জালিয়াতি প্রকাশ্যে আসে এবং ভুক্তভোগীরা অভিযুক্তের দোকানের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

এই ঘটনার পর ইডি অভিযুক্তের বিরুদ্ধে কালো টাকা লেনদেন প্রতিরোধ আইনে মামলা দায়ের করে। জাপিচেঙ্কোর বিরুদ্ধে ইন্টারপোলের পক্ষ থেকে ‘রেড কর্নার নোটিস’ জারি করা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তদন্তকারী সংস্থাগুলোর দাবি, এই ঘটনা আর্থিক অপরাধ দমনে ভারতের আইনি সক্ষমতার একটি বড় নিদর্শন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *