লুধিয়ানায় তীর্থযাত্রী বোঝাই গাড়িতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

পাঞ্জাবের লুধিয়ানায় মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মাছিওয়ারা এলাকার পাওয়াত সেতুর কাছে তীর্থযাত্রী বোঝাই একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যান রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। মাতা নয়না দেবী মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা মাছিওয়ারা এলাকার একটি যাযাবর কলোনির বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে রয়েছে ১৭ বছর বয়সি গৌরব, ১৪ বছরের এক কিশোর এবং ৩৬ বছর বয়সি এক মহিলা। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজ শুরু করেন। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে আহতদের বের করে মাছিওয়ারা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তীর্থযাত্রী বোঝাই গাড়িটির গতি বেশি ছিল কি না বা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে ফরেনসিক ও যান্ত্রিক পরীক্ষার সাহায্য নেওয়া হতে পারে।