শিব-পার্বতীর ছবি পোস্ট করে বিজেপিকে নিশানা রাহুল গান্ধীর

শিব-পার্বতীর ছবি পোস্ট করে বিজেপিকে নিশানা রাহুল গান্ধীর

দিল্লিতে সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে নিজের শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে রাহুল গান্ধী জানান, ছোটবেলায় তিনি কখনও বাবা-মাকে ঝগড়া করতে দেখেননি। বরং খাবার টেবিলে তিনি দেখেছেন বাবার কোলে বসে মা খাবার খাচ্ছেন। রাহুলের এই ব্যক্তিগত মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসার পর তা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, এমন বিশেষ দিনেও রাহুল তার মাকে অস্বস্তিতে ফেলেছেন এবং এই রাজনৈতিক ‘পণ্য’কে নতুন করে চালু করার আর কোনো সুযোগ নেই।

এই আক্রমণের জবাবে মঙ্গলবার রাহুল গান্ধী কর্নাটকের হোয়সালেশ্বর মন্দিরের একটি ভাস্কর্যের ছবি পোস্ট করেন। ওই ছবিতে দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীকে নন্দীর পিঠে বসা অবস্থায় দেখা যায়, যেখানে পার্বতী শিবের কোলে উপবিষ্ট। ছবিটি পোস্ট করে রাহুল গান্ধী লেখেন, বিজেপি ও আরএসএস সমর্থকদের হৃদয়ে ভয়, রাগ ও ঘৃণার জাল এমনভাবে বুনেছে যে তারা ভালোবাসা অনুভব করতে পারেন না।

রাহুল গান্ধী আরও বলেন, একজন প্রকৃত হিন্দু হিসেবে তার কর্তব্য হলো বিজেপি সমর্থকদের সেই ঘৃণার জাল থেকে মুক্ত করা, যাতে তারা জীবনের প্রকৃত ভালোবাসা ও আনন্দের সৌন্দর্য উপলব্ধি করতে পারেন। পোস্টের শেষে ‘সত্যম শিবম সুন্দরম’ উল্লেখ করে কংগ্রেস নেতা নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশের মঞ্চ থেকে শুরু হওয়া এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *