কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআইয়ের বইয়ের স্টল ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআইয়ের বইয়ের স্টল ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বইয়ের স্টল বসানোকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এসএফআইয়ের দাবি, গত চার বছর ধরে নভেম্বর বিপ্লব উপলক্ষে তারা সেখানে বইয়ের স্টল বসিয়ে আসছে। তবে এ বছর পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তার ওপর স্টল বসানোর জন্য কোনো আইনি অনুমতি নেওয়া হয়নি। আইনশৃঙ্খলার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন ডিসি সেন্ট্রাল।

পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে এসএফআই সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সামনে ব্যানার পেতে বই সাজিয়ে বসেন। এমনকি ট্রাম লাইনের ওপরেও বই বিক্রি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দুপুরের দিকে ডিসি পদমর্যাদার পুলিশকর্তা প্রভীন প্রকাশের উপস্থিতিতে বিক্ষোভকারীদের সরাতে ব্যাপক ধরপাকড় শুরু হয়। এসএফআইয়ের অভিযোগ, পুলিশ ছাত্রছাত্রীদের ওপর চড়াও হয়েছে এবং জোর করে প্রিজন ভ্যানে তুলেছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এসএফআইয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য সৌভিক দাস বক্সী অভিযোগ করেন, অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ এই পদক্ষেপ করেছে। আটক হওয়ার পর এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানান, পুলিশি বাধা সত্ত্বেও ছাত্রছাত্রীরা বই বিক্রি বন্ধ করবেন না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *