গৃহস্থালীর জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারকে নিশানা জয়রাম রমেশের

নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি অভিযোগ করেছেন যে, মোদী সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং জনবিরোধী নীতির কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম সংকটের মুখে পড়েছেন। একটি সমীক্ষার তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, ৬১ শতাংশ পরিবারের মাসিক খরচ ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এর ফলে ৭৪ শতাংশ মানুষ অ-প্রয়োজনীয় খরচ কমাতে বাধ্য হচ্ছেন এবং ৫০ শতাংশ মানুষ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাও কমিয়ে দিয়েছেন।
জয়রাম রমেশের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে ঘি ও ভোজ্য তেলের দাম ৭৫ শতাংশ, শাকসবজির দাম ৭৩ শতাংশ, চাল ও গমের দাম ৭১ শতাংশ, দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম ৬৫ শতাংশ এবং ডালের দাম ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের জীবনযাত্রার মান তলানিতে ঠেকেছে বলে তিনি মন্তব্য করেছেন। কংগ্রেসের দাবি, এই পরিস্থিতিকে ‘মেহেঙ্গাই কা ভুচাল’ হিসেবে অভিহিত করা যায়, যা সাধারণ মানুষের পিঠ ভেঙে দিয়েছে।
শিল্পক্ষেত্রের দুরবস্থা নিয়েও সরব হয়েছেন কংগ্রেস নেতা। তিনি দাবি করেছেন, শুধুমাত্র নয়ডাতেই গত এক বছরে ২০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। কাঁচামালের উচ্চমূল্য, মার্কিন শুল্ক এবং সরকারি উদাসীনতাকে এর জন্য দায়ী করেছেন তিনি। জয়রাম রমেশের মতে, এই পরিসংখ্যান সারা দেশের টেক্সটাইল শিল্পের ভয়াবহ অবস্থার প্রতিফলন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও তিনি অভিযোগ তুলেছেন।