মার্কিন সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থায় বিনিয়োগ জ্যারেড কুশনারের ফার্মের

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সংস্থা ‘অ্যাফিনিটি পার্টনারস’ একটি মার্কিন সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানিতে বিনিয়োগ করেছে। নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথিতে দেখা গেছে, কানেকটিকাট-ভিত্তিক সংস্থা ‘আর্ক্সিস’-এর প্রায় ৬ লক্ষ ৮৯ হাজার ৪১১টি শেয়ার রয়েছে কুশনারের ফার্মের কাছে। আর্ক্সিস মূলত এফ-৩৫ ফাইটার জেট, নৌবাহিনীর ডেস্ট্রয়ার, পারমাণবিক সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো সামরিক সরঞ্জামের যন্ত্রাংশ তৈরি করে থাকে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া সংশোধিত নথিতে এই বিনিয়োগের বিষয়টি প্রকাশ্যে এসেছে। জানা গেছে, ৩০ জুন ২০২৬ পর্যন্ত এই শেয়ারের মূল্য প্রায় ৩১.৮ মিলিয়ন ডলার। এর আগে আগস্ট মাসে জমা দেওয়া মূল নথিতে এই বিনিয়োগের উল্লেখ ছিল না। পরবর্তীতে ৩ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দুই দিন পর সংশোধিত নথি জমা দেওয়া হয়। ১৬ নভেম্বরের একটি ফাইলিংয়ে এই শেয়ারের মূল্য প্রায় ৩৪ মিলিয়ন ডলার হিসেবে দেখানো হয়েছে।
কুশনারের এই বিনিয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, কারণ তিনি গাজা, ইরান এবং ইউক্রেনের মতো সংঘাতপূর্ণ অঞ্চলে কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ বজায় রেখে সরকারি বা কূটনৈতিক কাজে যুক্ত থাকায় স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠছে। এর আগে ইসরায়েলি আর্থিক গ্রুপ ফিনিক্স ফিনান্সিয়ালে অ্যাফিনিটির বিনিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছিল, কারণ ওই গ্রুপের সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা ঠিকাদারদের সম্পর্ক রয়েছে। তবে কুশনার বা তার সংস্থা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।