রায়দিঘিতে ট্রলারের ধাক্কায় উল্টে গেল নৌকা, জলে ডুবে মৎস্যজীবীর মৃত্যু

রায়দিঘিতে ট্রলারের ধাক্কায় উল্টে গেল নৌকা, জলে ডুবে মৎস্যজীবীর মৃত্যু

বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে রায়দিঘি ঘাটের কাছে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল একটি ছোট নৌকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফেরার পথে ‘মালিকের দান’ নামের একটি ট্রলারের সঙ্গে নৌকাটির সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় ভারসাম্য হারিয়ে নৌকাটি উল্টে গেলে তাতে থাকা চারজন মৎস্যজীবীই জলে পড়ে যান।

আচমকা এই দুর্ঘটনায় জলপথে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই আশপাশের মৎস্যজীবীরা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। জলে পড়ে যাওয়া চারজনের মধ্যে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও, একজন নিখোঁজ হয়ে যান। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর অবশেষে নিখোঁজ মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মৎস্যজীবী কুলতলি এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে।

রায়দিঘি মৎস্যজীবী শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক অলক হালদার জানিয়েছেন, তিনজনকে জীবিত উদ্ধার করা গেলেও একজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে উদ্ধার হওয়া মৃতদেহটি রায়দিঘি জেটিঘাটে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি নদীর জলে ডুবে যাওয়া নৌকাটিকেও টেনে তোলার চেষ্টা করছেন স্থানীয়রা।

এই ঘটনার পর জলপথে মৎস্যজীবীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বড় ট্রলার ও ছোট নৌকার চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের দাবি তুলেছেন স্থানীয় মৎস্যজীবী সংগঠন। কীভাবে এই সংঘর্ষ ঘটল এবং এর পেছনে কোনো অসতর্কতা ছিল কি না, তা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *