বকেয়া ডিএ নিয়ে হিসেবের অভিযোগ, মনিটরিং কমিটির বৈঠকের অপেক্ষায় সরকারি কর্মীরা

পঞ্চম পে কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হলেও, প্রাপ্য টাকার তুলনায় কম অর্থ পাওয়ার অভিযোগ তুলেছেন সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাংশ। তাঁদের দাবি, ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ হিসেবের ক্ষেত্রে গরমিল থাকতে পারে।
কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের অভিযোগ, ৬০৫ AICPI ধরে হিসেব করায় ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিএ শূন্য দেখানো হয়েছে। তাঁর দাবি, এই পদ্ধতিতে কর্মীদের প্রাপ্য বকেয়া কমে যাচ্ছে।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডলও অভিযোগ করেছেন, সরকার নভেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ মেটানোর প্রতিশ্রুতি দিলেও অনেক কর্মীর অ্যাকাউন্টে প্রত্যাশার তুলনায় কম টাকা জমা পড়েছে। শিক্ষক, শিক্ষাকর্মী এবং গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠন এই বিষয়ে ইন্দু মলহোত্র কমিটির দ্বারস্থ হওয়ার কথা ভাবছে। আগামী ১৪ ডিসেম্বর মনিটরিং কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেদিকেই নজর রয়েছে কর্মীদের।