আফগানিস্তানের কুনারে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৬

আফগানিস্তানের কুনার প্রদেশের আসাদাবাদে একটি মিডল স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টা নাগাদ এই বিস্ফোরণে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডিরেক্টর সামিউল হক জানিয়েছেন, প্রাদেশিক হাসপাতালের তথ্যানুযায়ী আহত ৯৭ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও বাকিদের চিকিৎসা চলছে।
তদন্তকারী কর্মকর্তাদের মতে, স্কুলটির কাছে অবস্থিত একটি বাড়িতে খননকাজের জন্য মজুত রাখা ডিনামাইট থেকে এই বিস্ফোরণ ঘটে। ওই বাড়িতে খননকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা থাকতেন এবং কুনার-নুরিস্তান মহাসড়কের পাথর সরানোর জন্য বিস্ফোরকগুলো সেখানে রাখা হয়েছিল। ঘটনার পরপরই পুলিশ ও সংশ্লিষ্ট তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।
উল্লেখ্য, আফগানিস্তানে এর আগেও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০২১ সালে কাবুলের দশত-ই-বারচি এলাকায় বালিকা বিদ্যালয়ের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া গত আগস্টে কাবুলের একটি স্কুলে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে ৪০ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়। তালিবান সরকারের শাসনামলে কাবুলের বিভিন্ন এলাকায় রেস্তোরাঁ ও জনবহুল স্থানে একাধিক হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।