আফগানিস্তানের কুনার প্রদেশে স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, মৃত বহু পড়ুয়া

আফগানিস্তানের কুনার প্রদেশে স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, মৃত বহু পড়ুয়া

আফগানিস্তানের কুনার প্রদেশের আন্দেরসির এলাকার আসাদাবাদে একটি স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শনিবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ এই ঘটনায় কেঁপে ওঠে এলাকা। স্কুল চলাকালীন এই বিস্ফোরণের জেরে বহু পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। স্থানীয় প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনায় সাত জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আহতের সংখ্যা ৯৯ জন।

কুনার প্রদেশের পুলিশ প্রধান ফরিদ দেকান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে স্কুলের কাছেই একটি খনন সংস্থার বিস্ফোরক মজুত করার জায়গা ছিল। সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আবদুল মতিন কানি জানিয়েছেন, বিস্ফোরক মজুত করার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অসতর্কতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কুনার প্রদেশটি আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত সংলগ্ন হওয়ায় এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এটি নিছক দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত হামলা, তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। উল্লেখ্য, এর আগে গত অগস্ট মাসে কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রেনেড হামলায় ৪০ জনেরও বেশি শিশু আহত হয়েছিল। সীমান্ত এলাকায় নিয়মিত সংঘর্ষের আবহে এই বিস্ফোরণ ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *