তপসিয়ায় তৃণমূল ভবনের সামনে পুলিশি ব্যারিকেড, তুঙ্গে রাজনৈতিক তরজা

তপসিয়ায় নির্মীয়মাণ তৃণমূল ভবনের প্রবেশপথে পুলিশি ব্যারিকেড বসানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। কলকাতা পুরসভার পক্ষ থেকে আনন্দপুর থানায় অভিযোগ জানানো হয় যে, নির্মীয়মাণ ভবনে জমায়েত হলে দুর্ঘটনা ঘটতে পারে। পুরসভার দাবি, অনুমতি ছাড়া এই ভবন ব্যবহার করা যাবে না। এর প্রেক্ষিতেই শুক্রবার সন্ধ্যায় পুলিশ সেখানে ব্যারিকেড বসায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ও আইনজীবী বৈশান্বর চট্টোপাধ্যায়। তৃণমূল নেতৃত্বের দাবি, ভবনটির নির্মাণকাজ এখনও শেষ হয়নি এবং দলীয় কাজের জন্য এটি ব্যবহৃত হচ্ছে না। শুধুমাত্র কাজের অগ্রগতি দেখতে কর্মীরা সেখানে যাতায়াত করেন। ফলে পুরসভার অনুমতি সংক্রান্ত যুক্তি ভিত্তিহীন বলে দাবি করেছেন তাঁরা। শনিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান রাজ্যসভার সাংসদ দোলা সেন। তিনি এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করেছেন।
অন্যদিকে, তৃণমূল বিধায়ক আখরুজ্জামান জানিয়েছেন, নির্মীয়মাণ ভবনে মিটিং করা বিপজ্জনক হতে পারে এবং এটি সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, সরকার কোনো অনিয়ম সহ্য করবে না এবং প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর পুরনো ভবন ভেঙে নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছিল। বর্তমানে এই ভবনটি মমতাপন্থীদের দখলে রয়েছে বলে জানা গেছে।