তপসিয়ায় তৃণমূলের নির্মাণাধীন ভবন বন্ধ করল পুলিশ, ক্ষুব্ধ দোলা সেন

কলকাতার তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের একটি নির্মাণাধীন ভবনে পুলিশের হস্তক্ষেপে চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, ওই ভবনে মমতা তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠক চলছিল বলে অভিযোগ ওঠে। এই বিষয়টি নজরে আসার পর আনন্দপুর থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্মাণাধীন ভবনটি বন্ধ করে দেয় এবং গেটের সামনে গার্ডরেল বসিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল নেতা কুণাল ঘোষসহ দলের একাধিক নেতৃত্ব। তাঁরা পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। প্রাথমিক তথ্যানুযায়ী, শুধুমাত্র নির্মাণকাজ চালানোর জন্য ভবনটি খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে, তবে সেখানে অন্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানো যাবে না বলে জানানো হয়েছে।
পুলিশের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদ দোলা সেন। তিনি অভিযোগ করেন, পুলিশ আদালতের নির্দেশ উপেক্ষা করে কাজ করছে। দোলা সেনের দাবি, দলীয় কার্যালয় দখল করার উদ্দেশ্যেই পুলিশ এই ধরনের পদক্ষেপ নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।