ইরানে ১৪ বছরের কিশোরীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ইরানে ১৪ বছরের কিশোরীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ইরানের কেরমান প্রদেশে ১৪ বছর বয়সী এক কিশোরীকে খুনের অভিযোগ উঠেছে তার ২০ বছর বয়সী স্বামীর বিরুদ্ধে। ইরানের মানবাধিকার বিভাগের তথ্য অনুযায়ী, সোগান্দ মোশতারেকি নামের ওই কিশোরী সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছিল। সন্তান জন্মের কয়েক দিন পরেই তাকে খুন করা হয়। অভিযোগ রয়েছে, পারিবারিক বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

জানা গেছে, সোগান্দকে তার স্বামী সবসময় ঘরবন্দি করে রাখতেন। তাকে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না। স্বামী বাড়ির বাইরে যাওয়ার সময় কিশোরী স্ত্রীকে ঘরে তালাবন্ধ করে রেখে যেতেন। সম্প্রতি সোগান্দ তার বাবা-মায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলে স্বামী তাকে খুন করেন বলে অভিযোগ। অভিযুক্ত স্বামী পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছেন।

ইরানে এই ধরনের ঘটনা নতুন নয়। সোগান্দের মৃত্যুর দিনই ফারস প্রদেশে ২১ বছর বয়সী অন্তঃসত্ত্বা সেপিদে রায়েসিকে তার স্বামী খুন করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া চলতি মাসের শুরুতে ১৯ বছর বয়সী হেলিয়া ফাতেহি নামের এক তরুণীকে পরিবারের সদস্যরা খুন করেছেন। পরিবারের অমতে প্রেমের সম্পর্কের জেরে তাকে ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় হেলিয়ার বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *