দিল্লিতে গ্রেফতার আরও এক জইশ জঙ্গি, নাশকতার ছক বানচাল পুলিশের

গুজরাতের বডোদরার পর এবার দিল্লি থেকে আরও এক জইশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। বেশ কিছু দিন ধরেই ওই জঙ্গির গতিবিধির উপর নজর রাখছিলেন তদন্তকারীরা। ধৃতের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে, যার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাক হ্যান্ডলারদের নির্দেশে দিল্লি ও সংলগ্ন এলাকায় তরুণদের মগজধোলাই এবং জইশের ‘স্লিপার সেল’ তৈরির দায়িত্বে ছিল সে।
এর আগে বৃহস্পতিবার গুজরাতের বডোদরা থেকে মহম্মদ সাহারুল ইসলাম নামে এক জঙ্গিকে গ্রেফতার করে এটিএস। অসমের বাসিন্দা ওই জঙ্গির কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, বডোদরায় বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক ছিল তার। পাক হ্যান্ডলারের নির্দেশমতো কাজ করে হামলা চালিয়ে পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। দিল্লি ও গুজরাতে ধৃত দুই জঙ্গির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি ভারতে ৬৫ জন বিদেশি জঙ্গি অনুপ্রবেশ করেছে, যাদের মধ্যে ২৫ জন জইশ ও ৩৫ জন লস্কর-ই-তৈবার সদস্য। জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে থাকা এই জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। দেশের দুই প্রান্তে দুই জইশ জঙ্গির গ্রেফতারি নিরাপত্তা ব্যবস্থাকে আরও সতর্ক করেছে। ধৃতদের জেরা করে নাশকতার বড় কোনো ছক রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারী কর্মকর্তারা।