তপসিয়ায় তৃণমূলের পুরনো ভবন সিল করল পুলিশ, ঘটনাস্থলে পৌঁছলেন কুণাল ঘোষ

তপসিয়ায় তৃণমূলের পুরনো ভবন সিল করল পুলিশ, ঘটনাস্থলে পৌঁছলেন কুণাল ঘোষ

তপসিয়ায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের পুরনো ভবনটি শুক্রবার পুলিশ সিল করে দিয়েছে। বাইপাস থেকে ওই ভবনে ঢোকার রাস্তাটিও ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। নির্মীয়মাণ এই ভবনটি নিয়ে গত কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরে নানা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। কালীঘাট তৃণমূলের একাংশ, মহিলা তৃণমূল এবং আইটি সেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলীয় কর্মীদের ওই ভবনে নিয়মিত বসার আহ্বান জানানো হয়েছিল। এমনকি সেখানে বৈঠকের আয়োজনও করা হয়েছিল।

পুলিশের এই পদক্ষেপের খবর পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূলের উত্তর কলকাতার জেলা সভাপতি কুণাল ঘোষ এবং দক্ষিণ কলকাতার জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায়। সেখানে আনন্দপুর থানার পুলিশের সঙ্গে তাঁদের কথা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনটি এখনও নির্মীয়মাণ অবস্থায় রয়েছে। নিয়ম অনুযায়ী, এই ধরনের ভবন ব্যবহারের জন্য পুরসভার প্রয়োজনীয় শংসাপত্র থাকা বাধ্যতামূলক, যা এখনও পাওয়া যায়নি। সেই কারণেই নিরাপত্তার খাতিরে ভবনটি সিল করা হয়েছে।

পুলিশ ও তৃণমূল নেতৃত্বের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে, আপাতত ওই ভবনে দলীয় কোনো কার্যক্রম চালানো হবে না। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনের প্রবেশপথের ব্যারিকেড আংশিক সরিয়ে নেওয়া হবে। তবে দলের অন্দরে এই ঘটনা নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে। দলের একাংশের অভিযোগ, ফেসবুকের মাধ্যমে দলের অভ্যন্তরীণ বিষয় প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে পড়তে হচ্ছে নেতৃত্বকে। দলের গোপন বিষয়গুলো এভাবে সোশ্যাল মিডিয়ায় উঠে আসায় প্রবীণ নেতাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *