আসানসোলে পুলিশের গুলিতে জখম প্রতাপ দাস, ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের

আসানসোলের হিরাপুর থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন প্রতাপ দাস নামে এক ব্যক্তি। সাইবার প্রতারণা সংক্রান্ত একটি মামলায় পুলিশ তাঁকে খুঁজছিল। বুধবার ইসমাইল এলাকা থেকে তাঁকে ধরার চেষ্টা করলে তিনি গুলি চালিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। শুক্রবার ফের ওই এলাকা থেকেই তাঁকে পাকড়াও করে পুলিশ। পুলিশের দাবি, এ বারও প্রতাপ গুলি চালালে পাল্টা গুলিতে তাঁর ডান পায়ে আঘাত লাগে। বর্তমানে তিনি আসানসোল জেলা হাসপাতালের পুলিশ সেলে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রতাপ দাস দাবি করেন, মুসাফির নামে এক ব্যক্তি তাঁকে খুনের সুপারি দিয়েছিলেন। তিনি সেই কাজ করতে রাজি না হওয়ায় তাঁকে ফাঁসানো হয়েছে। তবে এই দাবির সত্যতা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতাপের মা রঞ্জনা দাসের দাবি, তাঁর ছেলে গত দুই বছর কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিল না। পুলিশ নিজেদের স্বার্থে তাঁকে বারবার জড়িয়ে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।
অন্যদিকে, প্রতাপের স্ত্রী নীতু দেবীর অভিযোগ, তাঁর স্বামী বৃহস্পতিবার রাতেই পুলিশের সঙ্গে যোগাযোগ করে আদালতে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁকে সেই সুযোগ দেয়নি। নীতুর দাবি, সরকারের কাছে বাহবা পাওয়ার জন্য পুলিশ পরিকল্পিতভাবে এই এনকাউন্টার করেছে। পুলিশের কাছে থাকা ভয়েস রেকর্ডিংগুলো নিরপেক্ষভাবে তদন্ত করলে আসল সত্য বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন। সুস্থ হওয়ার পর প্রতাপকে আদালতে হাজির করাবে পুলিশ।