সরস্বতীর ছবি ছেঁড়ার অভিযোগ, চাঁচলের স্কুলে তুমুল বিক্ষোভ

সরস্বতীর ছবি ছেঁড়ার অভিযোগ, চাঁচলের স্কুলে তুমুল বিক্ষোভ

মালদহের চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে সরস্বতীর ছবি ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষার সময় অঙ্কন ও কর্মশিক্ষা বিষয়ের খাতা জমা দিতে গিয়ে এই ঘটনা ঘটে। অভিযোগ, ওই শ্রেণির ছাত্র অঙ্কিত রায় বাগদেবী সরস্বতীর ছবি এঁকেছিল। পরীক্ষার হলে গার্ডের দায়িত্বে থাকা আরবি বিভাগের শিক্ষক আফতাব উদ্দিন ছবিটি দেখে আপত্তি জানান এবং তা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার কথা জানতে পেরে শুক্রবার সকালে বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিনিধিরা স্কুল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি ও অবিলম্বে সাসপেনশনের দাবিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘরের সামনে দীর্ঘক্ষণ চলে প্রতিবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) আফজাল আলীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

আক্রান্ত পড়ুয়ার বাবা কমল রায় ইতিমধ্যেই চাঁচল থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিক্ষোভকারীদের একাংশের দাবি, ওই শিক্ষক দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মানসিকতা পোষণ করেন। শুধু অঙ্কিত নয়, আরও কয়েকজন পড়ুয়ার আঁকা হিন্দু দেব-দেবীর ছবিও তিনি ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *