বাল্যবিবাহ রুখতে মালদায় অভিনব সচেতনতা কর্মসূচি

বাল্যবিবাহ রুখতে মালদায় অভিনব সচেতনতা কর্মসূচি

বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার মালদা টাউন হলে মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় এই কর্মসূচিটি পালিত হয়। অনুষ্ঠানে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ এবং বাল্যবিবাহ রোধের বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তরের সেবিকা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্কুল পড়ুয়ারা এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেন।

গাছে জল দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি, অতিরিক্ত জেলাশাসক সপ্তর্ষি নাথ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি এবং এক্সিকিউটিভ অফিসার স্বাতী চক্রবর্তী। কন্যাভ্রূণ হত্যা বন্ধ করা, কন্যাশিশুর সুরক্ষা, মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং নারী-পুরুষের সমতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সচেতনতা শিবিরের অন্যতম মূল আকর্ষণ ছিল পড়ুয়াদের পরিবেশিত একটি নাটক। সেখানে পড়ুয়ারা ছাতনাতলা সাজিয়ে বর, কনে, পুরোহিত ও পুলিশের ভূমিকায় অভিনয় করে বাল্যবিবাহ রোধের বার্তা তুলে ধরে। অনুষ্ঠানের মঞ্চ থেকে অতিথিরা বাল্যবিবাহের সামাজিক ও শারীরিক কুফলগুলি ব্যাখ্যা করেন। এই সামাজিক ব্যাধি নির্মূল করতে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হওয়ার এবং এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *