নিজের ও স্ত্রীর চিকিৎসার আর্জি জানিয়ে পাক সুপ্রিম কোর্টকে খোলা চিঠি ইমরানের

নিজের ও স্ত্রীর চিকিৎসার আর্জি জানিয়ে পাক সুপ্রিম কোর্টকে খোলা চিঠি ইমরানের

নিজের এবং স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি খোলা চিঠি লিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার তাঁর আইনজীবী সলমন সফদর সমাজমাধ্যমে এই চিঠিটি প্রকাশ করেছেন। চিঠিতে ইমরান দাবি করেছেন, জেলবন্দি অবস্থায় তাঁদের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক এবং অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। তিনি অভিযোগ করেছেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বর্তমান সরকার তাঁদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করেনি।

ইমরান খান চিঠিতে উল্লেখ করেছেন, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। অন্যদিকে, তাঁর স্ত্রী বুশরা বিবির দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিনের নির্জন কারাবাস তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও তিনি জানিয়েছেন। পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ দেওয়ার জন্য মেডিক্যাল বোর্ডের সুপারিশ জেল কর্তৃপক্ষ কার্যকর করেনি বলে অভিযোগ করেছেন পিটিআই প্রতিষ্ঠাতা।

৭৪ বছর বয়সে এই পরিস্থিতির সম্মুখীন হয়ে তিনি আর জীবিত ফিরতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন। উল্লেখ্য, ২০২৩ সালের অগস্ট মাস থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান খান। তোষাখানা-২ মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির করা আবেদন বর্তমানে ইসলামাবাদ হাই কোর্টে বিচারাধীন। এর আগে তোষাখানা-১, ন্যাব দুর্নীতি এবং নির্বাচন কমিশনের মামলায় তাঁর সাজা স্থগিত হয়েছে। তবে আল-কাদির রিয়েল এস্টেট মামলা এবং রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসসহ একাধিক মামলা এখনও তাঁর বিরুদ্ধে চলমান রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *