প্যাকেটজাত খাবারে বাধ্যতামূলক লাল ষড়ভুজ সতর্কবার্তা, নির্দেশ সুপ্রিম কোর্টের

প্যাকেটজাত খাবারের গুণমান ও জনস্বাস্থ্য রক্ষায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই-কে নির্দেশ দিয়েছে, এখন থেকে প্যাকেটজাত খাবারের সামনের দিকে পুষ্টিগুণ সংক্রান্ত সতর্কবার্তা বা ‘ফ্রন্ট অফ প্যাকেজ নিউট্রিশন লেবেলিং’ চালু করতে হবে। কোনো খাবারে নির্ধারিত সীমার বেশি চিনি, নুন বা ফ্যাট থাকলে প্যাকেটের সামনের দিকে লাল রঙের ষড়ভুজ আকৃতির চিহ্ন ব্যবহার করা বাধ্যতামূলক।
আদালতের নির্দেশ অনুযায়ী, প্রতিটি লাল ষড়ভুজ চিহ্নে স্পষ্ট করে ‘হাই সুগার’, ‘হাই সল্ট’ অথবা ‘হাই ফ্যাট’ লেখা থাকতে হবে। যদি কোনো খাবারে এই তিনটি উপাদানের পরিমাণই বেশি থাকে, তবে তিনটি পৃথক সতর্কবার্তা দিতে হবে। একটি চিহ্নের মধ্যে সবকটি উপাদানের উল্লেখ করা যাবে না। এই চিহ্নগুলো প্যাকেটের সামনের প্রধান প্রদর্শনযোগ্য অংশের অন্তত ৪ থেকে ৫ শতাংশ জায়গা জুড়ে থাকতে হবে এবং ফন্ট এমন হতে হবে যাতে সাধারণ ক্রেতারা সহজেই তা পড়তে পারেন।
এফএসএসএআই-কে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে এই উপাদানগুলোর নির্দিষ্ট সীমা বা থ্রেশহোল্ড নতুন করে নির্ধারণ করতে বলা হয়েছে। শুধু বাইরে থেকে যোগ করা চিনি বা ফ্যাট নয়, বরং মোট চিনির পরিমাণ, স্যাচুরেটেড ফ্যাট এবং নুনের পরিমাণকে গুরুত্ব দিতে হবে। আগামী চার মাসের মধ্যে এই সংক্রান্ত খসড়া বিধি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে আদালত সতর্ক করেছে যে, সংস্থাগুলো যেন কৃত্রিম প্রিজারভেটিভ বা অন্য উপাদান ব্যবহার করে এই নিয়ম এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে, সেদিকেও কড়া নজর রাখতে হবে।