শ্রীরামপুরের ফুটবলার স্নেহাশিস মৃত্যুকাণ্ডে ফের গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর শ্রীরামপুর মালগুদামের কাছে রেললাইন থেকে পোর্ট ট্রাস্টের গোলরক্ষক স্নেহাশিস দাশগুপ্ত ওরফে রাজার মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্গাপুজোর নবমীর রাতে পাড়ার দুই যুবক রিন্টু ও পাপানের সঙ্গে রাজার মারপিট হয়েছিল বলে অভিযোগ। পাপান সম্পর্কে প্রাক্তন কাউন্সিলর পিন্টু নাগের খুড়তুতো শ্যালক। অভিযোগ, সেই খবর পেয়ে পিন্টু নাগ দলবল নিয়ে গিয়ে রাজাকে মারধর করেন। গভীর রাতে অচৈতন্য অবস্থায় রাজাকে এক বন্ধুর বাড়িতে রেখে আসা হয় এবং পরের দিন রেললাইনে তাঁর দেহ পাওয়া যায়।
শুরু থেকেই রাজার বাবা-মা অভিযোগ করেছিলেন যে, মারধরের পর রাজাকে খুন করে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় শ্রীরামপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর পিন্টু নাগকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে ২০২১ সালের ৩ মার্চ আদালত তাঁকে বেকসুর খালাস দেয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছেলের মৃত্যুর বিচার না পেয়ে রাজার বাবা দোলন দাশগুপ্ত ও মা রিঙ্কু দেবী মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন।
অভিযোগকারীদের দাবি, এতদিন তাঁদের হুমকি দেওয়া হতো, যার ফলে ভয়ে তাঁরা মুখ খুলতে পারেননি। সেই সময় অভিযুক্তদের প্রভাব ছিল বলে তাঁরা জানান। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পর বুধবার রাতে পুলিশ ফের পিন্টু নাগকে গ্রেফতার করেছে। এই ঘটনায় নতুন করে তদন্ত শুরু হওয়ায় ছেলের মৃত্যুর সঠিক বিচার পাওয়ার আশা প্রকাশ করেছেন রাজার পরিবার।