রাশিয়া ও তালিবানের মধ্যে ১৫ বছরের বাণিজ্য চুক্তি, আফগানিস্তানে রুশ সেনার উপস্থিতির সম্ভাবনা

আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে ১৫ বছরের একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া। এই চুক্তির আওতায় রাশিয়া থেকে আফগানিস্তানে আটা, তেল, রান্নার গ্যাস ও বিভিন্ন যন্ত্রপাতি আমদানি করা হবে। বিনিময়ে আফগানিস্তান থেকে রাশিয়ায় যাবে বেদানা, আপেল, শুকনো ফল, পশম ও মশলাপাতি। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালিবান কাবুলের ক্ষমতা দখল করলে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে তাদের সরকারকে স্বীকৃতি দিয়েছিল। এবার সেই সম্পর্কের পরিধি আরও বিস্তৃত হলো।
বাণিজ্য চুক্তির পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বোঝাপড়াও তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির আওতায় আফগান ভূখণ্ডে রুশ সেনাঘাঁটি তৈরির সম্ভাবনা রয়েছে। মস্কো তালিবান যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অস্ত্র সরবরাহ করবে বলেও জানা গেছে। ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সোভিয়েত-আফগান যুদ্ধের ইতিহাস থাকলেও, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দুই পক্ষই কৌশলগত বন্ধুত্বের পথে হেঁটেছে।
কূটনৈতিক মহলের মতে, এই চুক্তির মাধ্যমে রাশিয়া আফগানিস্তানে নিজেদের প্রভাব সুনিশ্চিত করতে চাইছে। বিশেষ করে ডুরান্ড লাইন ও ইরান সীমান্তের কাছাকাছি রুশ উপস্থিতি মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে পারে। ভারতের ক্ষেত্রে এই পরিস্থিতির প্রভাব নিয়ে নানা জল্পনা থাকলেও, আফগানিস্তানের সঙ্গে ভারতের বর্তমান সুসম্পর্কের কারণে রাশিয়ার এই সক্রিয়তা কৌশলগতভাবে ভারতের জন্য ইতিবাচক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।