পাসপোর্টের তথ্যে অসঙ্গতি: সৌরভ দাসকে কারণ দর্শানোর নোটিশ দিল বিদেশ মন্ত্রক

পাসপোর্ট আবেদনে তথ্যের গরমিল থাকার অভিযোগে সিজেপি-র সৌরভ দাসকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল বিদেশ মন্ত্রক। চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে গত ২৩ নভেম্বর এই নোটিশ জারি করা হয়েছে। মূলত আবেদনকারীর জন্মস্থান সংক্রান্ত তথ্যে অসঙ্গতি মেলাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তাকে এই বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পাসপোর্ট আবেদনে কোনো অসঙ্গতি ধরা পড়লে বা তথ্য গোপনের অভিযোগ উঠলে নিয়ম অনুযায়ী আবেদনকারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এটি একটি সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া। সৌরভ দাসের ক্ষেত্রেও আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতেই এই নোটিশ পাঠানো হয়েছে। উত্তর না দেওয়া পর্যন্ত তাকে পাসপোর্ট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সৌরভ দাস দাবি করেছিলেন যে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য লন্ডন যাওয়ার পথে তাকে দিল্লি বিমানবন্দরে বাধা দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর এই দাবিকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন। তার অভিযোগ, সৌরভ দাস অক্সফোর্ড ইউনিয়নে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে নিবন্ধন করেছিলেন এবং বিদেশে গিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন।