ভাতারে বিধায়কের সেবাকেন্দ্রে ঘুষ দেওয়ার প্রস্তাব, আটক প্রৌঢ়

ভাতারে বিধায়কের সেবাকেন্দ্রে ঘুষ দেওয়ার প্রস্তাব, আটক প্রৌঢ়

পূর্ব বর্ধমানের ভাতারে জমি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য বিধায়কের সেবাকেন্দ্রে গিয়ে বিপাকে পড়লেন এক প্রৌঢ়। বুধবার খেড়ুর গ্রামের বাসিন্দা সমীরণ পশারি বিজেপি বিধায়ক সৌমেন কার্ফার সেবাকেন্দ্রে যান। অভিযোগ, সেখানে এক কর্মীকে আড়ালে ডেকে তিনি সমস্যার সমাধানের বিনিময়ে টাকা দেওয়ার প্রস্তাব দেন। এই ঘটনার পর ওই ব্যক্তিকে সেবাকেন্দ্রেই বসিয়ে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

সেবাকেন্দ্রের কর্মী সুদীপ্ত দাস জানান, সমীরণ পশারি তাঁকে একান্তে ডেকে সমস্যার কথা জানান এবং কাজ করিয়ে দেওয়ার বিনিময়ে টাকা দেওয়ার প্রস্তাব দেন। বিষয়টি জানার পর বিধায়ক ওই ব্যক্তিকে বসিয়ে রাখার নির্দেশ দেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে ভাতার থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

বিধায়ক সৌমেন কার্ফা জানিয়েছেন, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াই তাঁর লক্ষ্য এবং কোনো কাজের জন্য কাউকে ঘুষ বা কাটমানি দিতে হবে না। কেউ ঘুষ দেওয়ার চেষ্টা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, অভিযুক্ত সমীরণ পশারি জানান, আত্মীয়দের সঙ্গে জমি বিবাদ মেটানোর আশায় তিনি সেখানে গিয়েছিলেন। লোকমুখে শুনেছিলেন টাকা দিলে কাজ হয়, তাই তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন। নিজের ভুল বুঝতে পেরে তিনি ক্ষমাও চেয়েছেন বলে জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *