ইরানে অন্তঃসত্ত্বা মেয়েকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে

ইরানে অন্তঃসত্ত্বা মেয়েকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে

ইরানের সানন্দাজ শহরে ১৯ বছর বয়সী হেলিয়া ফাত্তাহি নামে এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে। মানবাধিকার সংগঠন হেঙ্গাওয়ের দাবি, এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ওই তরুণী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের সদস্যদের এই খবর জানানোর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গত ২১ নভেম্বর তরুণীর বাবা ভোরিয়া ফাত্তাহি এবং মা লেইলা ভেইসি প্রথমে মেয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ অনুযায়ী, বাড়িতে ফিরে বাবা-মা মেয়েকে জোর করে প্রায় ৩০টি খিঁচুনির ওষুধ খাওয়ান। মারধরের পরেও তরুণী বেঁচে থাকায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়। ঘটনার পর অভিযুক্ত বাবা-মা হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে মানবাধিকার সংগঠনটি। পুলিশ তাঁদের গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক বক্তব্যে একে পারিবারিক বিবাদ হিসেবে উল্লেখ করা হলেও, মানবাধিকার সংগঠনগুলি একে ‘অনার কিলিং’ হিসেবে চিহ্নিত করেছে।

এই ঘটনার পাশাপাশি ইরানে গত কয়েক দিনে নারীদের ওপর হিংসার আরও কয়েকটি ঘটনা সামনে এসেছে। ১৮ নভেম্বর সাদাফ হাঘবিন নামে ২৩ বছরের এক তরুণীকে প্রাক্তন প্রেমিক গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ। এছাড়া ১৬ বছরের স্কুলছাত্রী সোগন্দ সায়াদির মৃত্যু হয়েছে বহুতল থেকে পড়ে। এই ঘটনাগুলি ইরানে নারীদের নিরাপত্তা ও পারিবারিক হিংসা নিয়ে আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বাড়িয়েছে। মানবাধিকার কর্মীদের মতে, ইরানে নারীদের সুরক্ষায় কার্যকর আইনি ব্যবস্থার অভাব রয়েছে এবং আইনের ফাঁকফোকর অপরাধীদের উৎসাহিত করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *