রুশ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুতিনের

রাশিয়ার তেল শোধনাগারগুলিতে ইউক্রেনের ড্রোন হামলা বৃদ্ধি পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ সত্ত্বেও কিয়েভ এই হামলা বন্ধ করেনি। পুতিন স্পষ্ট জানিয়েছেন, রাশিয়ার জ্বালানি পরিকাঠামোয় এই ধরনের আক্রমণ অব্যাহত থাকলে মস্কো পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। একই সঙ্গে তিনি দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।
শিল্পক্ষেত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই ড্রোন হামলার ফলে রাশিয়ার অপরিশোধিত তেল পরিশোধনের ক্ষমতা প্রায় ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারে। বেশ কিছু অঞ্চলে পেট্রল ও ডিজেল বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করতে হয়েছে। যদিও পুতিনের দাবি, জ্বালানি বাজারের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার পথে এবং পেট্রলের দাম অক্টোবরের সর্বোচ্চ স্তর থেকে কমেছে।
পুতিনের এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা। তিনি সাফ জানিয়েছেন, রাশিয়া যদি তাদের তেল শোধনাগারে হামলা বন্ধ করতে চায়, তবে পুতিনকে প্রথমেই যুদ্ধ থামানোর নির্দেশ দিতে হবে। কিয়েভের অবস্থান হলো, মস্কো ইউক্রেনের জ্বালানি পরিকাঠামোয় হামলা বন্ধ করলেই তারা রাশিয়ার জ্বালানি কেন্দ্রগুলিকে নিশানা করা থেকে বিরত থাকবে।
এদিকে, রাশিয়ার জ্বালানি রপ্তানি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে ইউরোপীয় ইউনিয়ন সমুদ্রপথে রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে চলতি বছরের প্রথম দশ মাসে ইউরোপে রাশিয়ার এলএনজি রপ্তানি আগের বছরের তুলনায় প্রায় ৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ কোটি ১৮ লক্ষ টনে পৌঁছেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।