স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় বৃদ্ধি, চিকিৎসার খরচ কমল সাধারণ মানুষের

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত ‘ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস’ রিপোর্ট অনুযায়ী, গত এক দশকে স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৩-১৪ সালের তুলনায় ২০২৩-২৪ সালে সরকারি স্বাস্থ্য বরাদ্দ ১৪.৯ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে মাথাপিছু সরকারি স্বাস্থ্য ব্যয়ের পরিমাণ ১,০৪২ টাকা থেকে বেড়ে ২,৯৫৯ টাকায় পৌঁছেছে, যা প্রায় তিনগুণ বৃদ্ধি। সরকারি এই বিনিয়োগের ফলে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ ক্রমশ কমছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে মোট ব্যয়ের মধ্যে সাধারণ মানুষের পকেট থেকে খরচের পরিমাণ বা আউট-অফ-পকেট এক্সপেন্ডিচার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০১৩-১৪ সালে এই খরচের হার ছিল ৬৪.২ শতাংশ, যা ২০২৩-২৪ সালে কমে ৪২.৭ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ, চিকিৎসা বাবদ সাধারণ মানুষের ব্যক্তিগত খরচ ২১.৫ শতাংশ পয়েন্ট কমেছে। তবে স্বাস্থ্যখাতে মোট খরচের একটি বড় অংশ এখনও পরিবারগুলির ওপর নির্ভরশীল বলে রিপোর্টে জানানো হয়েছে।
সরকারি উদ্যোগের মধ্যে আয়ুষ্মান ভারত, রাজ্য স্বাস্থ্য বিমা এবং সামাজিক সুরক্ষা প্রকল্পে ব্যয় ৬ শতাংশ থেকে বেড়ে ১১ শতাংশ হয়েছে। এছাড়া বেসরকারি স্বাস্থ্য বিমার বরাদ্দ ৩.৪ শতাংশ থেকে বেড়ে ১০.২ শতাংশে পৌঁছেছে। প্রাথমিক স্বাস্থ্যসেবায় সরকারি বিনিয়োগ ১.৫৩ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। আয়ুষ্মান আরোগ্য মন্দির, জনঔষধি কেন্দ্র, বিনামূল্যে ওষুধ ও ডায়ালিসিস পরিষেবা এবং ওষুধের দাম নিয়ন্ত্রণের মতো পদক্ষেপের কারণেই চিকিৎসার খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে আসছে বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে।