ব্যাগে খৈনি ও চুন রাখায় বাহরাইনে ১৮ দিন জেল ও ১৮ লক্ষ টাকা জরিমানা উত্তরপ্রদেশের যুবকের

গত ২৯ অক্টোবর সৌদি আরবের দাম্মামে যাওয়ার পথে বাহরাইন বিমানবন্দরে ইমিগ্রেশন ও তল্লাশির সময় উত্তরপ্রদেশের বাসিন্দা সৌরভের ব্যাগ থেকে খৈনি ও চুনের কৌটো উদ্ধার করেন কাস্টমস আধিকারিকরা। নিষিদ্ধ তামাকজাত দ্রব্য বহনের অভিযোগে তাঁকে আটক করে বাহরাইন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল ফোন ও ব্যাগ। হেফাজতে থাকাকালীন তাঁকে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল বলে অভিযোগ। সৌরভের দাবি, ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি ঘরে তাঁকে রাখা হয়েছিল এবং টানা এক সপ্তাহ ধরে সিআইডি আধিকারিকরা তাঁকে জেরা করেন।
সৌরভের পরিবার তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়ে যায়। পরে ডিটেনশন সেন্টার থেকে সৌরভের ফোন পাওয়ার পর তাঁর ভাই ১২ নভেম্বর আজমগড়ের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন জানান এবং বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেন। বাহরাইনে পরিচিতদের মাধ্যমে আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়। দীর্ঘ ১৮ দিন বন্দি থাকার পর সৌরভের সামনে দুটি পথ খোলা রাখা হয়—হয় মোটা অঙ্কের জরিমানা দিতে হবে, নয়তো দীর্ঘ কারাবাস ভোগ করতে হবে।
অবশেষে জরিমানা ও আইনজীবীর ফি মিলিয়ে প্রায় ৭,২০০ বাহরাইনি দিনার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ লক্ষ টাকা মেটানোর পর আদালতের নির্দেশে তিনি মুক্তি পান। ছাড়া পাওয়ার পর তিনি সৌদি আরব হয়ে ভারতে ফিরে আসেন। তবে এই দীর্ঘ মানসিক ও শারীরিক ধকলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি টাইফয়েড ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি বাহরাইনে প্রবেশের ক্ষেত্রেও তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।