রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দেওয়া ভারতীয় পড়ুয়াকে ফেরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পরিবার

রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দেওয়া ভারতীয় পড়ুয়াকে ফেরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পরিবার

পড়াশোনার জন্য ছাত্র ভিসায় রাশিয়ায় গিয়ে সে দেশের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন এক ভারতীয় পড়ুয়া। অবিনেশ নামে ওই যুবককে দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর বাবা। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই বিষয়ে মানবিক কারণে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করার বিষয়টি বিবেচনা করতে বলেছে। সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

পরিবারের অভিযোগ, গত এপ্রিল মাসে ইনস্টাগ্রামের এক এজেন্টের মাধ্যমে রাশিয়ায় গিয়েছিলেন অবিনেশ। ১৯ জুলাইয়ের পর থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাঁর ইমেল অ্যাকাউন্ট থেকে রুশ সেনাবাহিনীর পরিচয়পত্র ও সামরিক ট্যাগ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাঁদের আশঙ্কা, অবিনেশকে ভুল বুঝিয়ে বা জোর করে কোনো চুক্তিতে সই করানো হয়েছে। তিনি যুদ্ধক্ষেত্রের কাছাকাছি কোনো এলাকায় মোতায়েন হতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

তবে রুশ কর্তৃপক্ষের দাবি, অবিনেশ স্বেচ্ছায় রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন। ভারতীয় দূতাবাসকে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ওই পড়ুয়া এখন রাশিয়ার পাসপোর্টধারী। এই পরিস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপের সুযোগ সীমিত বলে মনে করছে আদালত। আবেদনকারীর প্রশ্ন, ছাত্র ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই কীভাবে তিনি রাশিয়ার নাগরিকত্ব পেলেন। মামলার পরবর্তী শুনানি ২০২৭ সালের জানুয়ারি মাসে ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *